সারা দেশে কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের রাউজানে আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১ অক্টোবর) রাউজান উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে এই কর্মসূচির আয়োজন করা হয়। সারা দেশে একযোগে আয়োজিত কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাউজানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।
এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে বলেন, "কৃষক দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। কৃষকদের জীবনমান উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং কৃষিতে আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কৃষক কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারের বিভিন্ন সহায়তা যাতে প্রকৃত কৃষকের কাছে পৌঁছে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।"
অনুষ্ঠানে কৃষকদের হাতে কৃষক কার্ড তুলে দেওয়ার পাশাপাশি সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা, কৃষি উপকরণ ও সেবামূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রাহাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— রাউজান পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাসুম কবির, উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহিম হোসেন এবং সমাজসেবা কর্মকর্তা মনির হোসেন।
এছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, সাবেক সদস্য আবু জাফর চৌধুরী, রাউজান উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল হুদা চেয়ারম্যান, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ শফি, রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনজুরুল হক মঞ্জু, সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী আবদুল্লাহ আল আনিসুর জামান সোহেল এবং রাউজান উপজেলা যুবদলের সভাপতি এম শাহজাহান শাহিল।
এ সময় রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহেদুল আলম ও তৈয়ব চৌধুরী, বর্তমান সভাপতি কাজী সরোয়ার খান মনজু এবং সাধারণ সম্পাদক নেজাম উদ্দীন রানাসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









