বিরোধী দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী যা পারেনি, বিএনপির দলীয় প্রধান তা পেরেছেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
তিনি বলেছেন, জামায়াত নেতা ও সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে শুধু দল থেকে বহিষ্কার করা হয়েছিল। কিন্তু বিএনপির দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তার দলের একজন সংসদ সদস্যকে পদত্যাগ করতে বলেছেন। জামায়াত তা করতে না পারলেও ক্ষমতাসীন দল বিএনপি তা পেরেছে বলে মন্তব্য করেন তিনি।
গতকাল বৃহস্পতিবার বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, সরকারপ্রধান হিসেবে প্রধানমন্ত্রী এভাবেই বিষয়টি মোকাবিলা করেন। ক্ষমতাসীন দলের সঙ্গে থাকার পরও ফেরদৌসী আহমেদ মিষ্টির প্রতি কোনো ধরনের শৈথিল্য দেখানো হয়নি।
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনিও পদত্যাগপত্র জমা দেন এবং স্পিকার তা গ্রহণ করে তার আসন শূন্য ঘোষণা করেছেন।
আপসে রক্ষা পাবেন কি গাজী নজরুল
চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দলীয় এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের সিদ্ধান্তের বিষয়টিকে ‘যুগান্তকারী’ হিসেবে অনেকে সাধুবাদ জানিয়েছেন।
সামাজিক মাধ্যমে তারা লিখেছেন, অন্যদের জন্য এটি কঠোর সতর্ক বার্তা। তবে বিএনপির একজন এমপির ব্যাপারে সাংগঠনিক সিদ্ধান্তের পাশাপাশি নৈতিক স্খলনের দায়ে প্রধান বিরোধী দল জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ বহাল থাকার বিষয়টিকে সামনে আনছেন অনেকে। কারণ দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যা প্ররোচনা মামলায় কারাগারে থাকা অবস্থাতেই সম্প্রতি তার সঙ্গে আপস করার সিদ্ধান্ত নিয়েছেন তার মৃতের স্বজনেরা।
আদালত সূত্রে এসব তথ্য জানা গেছে। তবে এতকিছুর পরও এখনও এমপি পদে বহাল তবিয়তে আছেন গাজী নজরুল ইসলাম। এটি কীভাবে সম্ভব? এমন প্রশ্নও উঠেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা হচ্ছে গাজী নজরুল দল থেকে বহিষ্কার হওয়ার পরও কীভাবে এমপি পদে টিকে রইলেন? তাহলে কি গাজী নজরুল আপসরফা করে রক্ষা পাবেন?


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









