চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘তুমিই বাংলাদেশ’-এর উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৭টায় রহনপুর খান আজহারুল উলুম ইসলামীয়া মাদ্রাসা চত্বরে এই বিশেষ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে মাদ্রাসাটির সকল শিক্ষার্থীর স্বাস্থ্য পরীক্ষা করেন আমন্ত্রিত চিকিৎসকরা। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন শারীরিক সমস্যা সম্পর্কে প্রয়োজনীয় চিকিৎসাপরামর্শ দেওয়ার পাশাপাশি বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। চিকিৎসাসেবার পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান।
সংগঠনের আয়োজকরা জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং অসচ্ছল মানুষের চিকিৎসাসেবায় পাশে দাঁড়ানোই এই আয়োজনের মূল লক্ষ্য। অর্থের অভাবে যারা প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন না, ভবিষ্যতেও তাদের পাশে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তারা।
উক্ত চিকিৎসা ক্যাম্প ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের মেডিসিন ও নিউরোমেডিসিন বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. মো. গোলাম সারোয়ার, ঢাকা পিজি হাসপাতালের নাক-কান-গলা বিভাগের চিকিৎসক ডা. সেলিম রেজা, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী সার্জন এ.এফ.এম. মাহমুদুর রহমান এবং নাচোল উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশনের প্রধান সহকারী প্রোগ্রামার প্রকৌশলী তৌহিদ সারোয়ারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









