পাবনার ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন বিলে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জাল ব্যবহার করে অবাধে মাছ শিকার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে বড় মাছের পাশাপাশি অসংখ্য ছোট ছোট মাছের পোনা ও জলজ প্রাণী ধ্বংস হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, এসব জালের ফাঁস অত্যন্ত ছোট হওয়ায় মাছের পোনা থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির ছোট জলজ প্রাণী পর্যন্ত রেহাই পাচ্ছে না। ফলে দিন দিন বিলগুলোতে দেশীয় মাছের প্রজনন ও বংশবিস্তার হুমকির মুখে পড়ছে।
স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, মৎস্য সম্পদ রক্ষায় দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের নজরদারি কোথায়? নিয়মিত অভিযান ও কার্যকর তদারকি থাকলে নিষিদ্ধ জাল দিয়ে এভাবে মাছের পোনা নিধন কীভাবে চলছে—এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
তবে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা অর্থের বিনিময়ে নীরব থাকেন বা ইচ্ছাকৃতভাবে না দেখার ভান করেন—এমন অভিযোগের উঠেছে এলাকাবাসীর। এ ধরনের অভিযোগ থাকলে তা তদন্ত করে সত্যতা যাচাই করা প্রয়োজন।
স্থানীয়রা এদিন কে জানান, বিলগুলোতে দ্রুত নজরদারি ও অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ ও ব্যবহারকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। পাশাপাশি নিয়মিত নজরদারি বাড়িয়ে দেশীয় মাছের পোনা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









