রূপালি পর্দায় বাবার রাজত্ব দীর্ঘদিনের। তবে ছেলে হাঁটলেন ভিন্ন পথে, দাঁড়ালেন ক্যামেরার পেছনে। বলা হচ্ছে দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের ছেলে জেসন সঞ্জয়ের কথা। দীর্ঘদিন ধরেই তার পরিচালনায় আসার আলোচনা চলছিল বিনোদন অঙ্গনে। অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জেসন পরিচালিত প্রথম সিনেমা ‘সিগমা’। তবে অভিষেক সিনেমাতেই দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছেন এই তরুণ নির্মাতা।
‘সিগমা’ মূলত একটি এপিসোডিক অ্যাকশন-কমেডি ও হাইস্ট থ্রিলার সিনেমা। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সন্দীপ কিষান ও ফারিয়া আবদুল্লাহ। মুক্তির পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটি নিয়ে দর্শকদের নানা মন্তব্য দেখা যাচ্ছে।
অনেকেই সিনেমাটিকে ‘ম্যাস এন্টারটেইনার’ বা পয়সা উসুল সিনেমা হিসেবে আখ্যা দিয়েছেন। এক দর্শকের মতে, পর্দায় সন্দীপ কিষানের শক্তিশালী উপস্থিতি, বিরতির সময়ের দৃশ্য এবং অ্যাকশন দৃশ্যগুলো দর্শকদের মুগ্ধ করেছে। তার দাবি, জেসন সঞ্জয় পুরো সিনেমাটিকে অ্যাকশন ও বিনোদনে ভরিয়ে দিয়েছেন, যা প্রেক্ষাগৃহে দেখার উপযোগী।
তবে প্রশংসার পাশাপাশি সমালোচনাও পাচ্ছেন জেসন। নেটাগরিকদের একাংশের দাবি, নির্মাতা হিসেবে তিনি আরও ভালো করতে পারতেন। এক দর্শক হতাশা প্রকাশ করে লিখেছেন, সিনেমাটির চিত্রনাট্য ও চরিত্রায়ন আকর্ষণীয় নয়। ইন্টারভ্যাল ও কার্নিভালের দৃশ্য ছাড়া আলাদা করে বলার মতো তেমন কিছু নেই। নির্মাণ মোটামুটি মানের হলেও নবাগত পরিচালক হিসেবে জেসনের লেখা গতানুগতিক ও সেকেলে মনে হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। সব মিলিয়ে সিনেমাটিকে গড়পড়তার চেয়েও নিম্নমানের বলে আখ্যা দিয়েছেন ওই দর্শক।
এদিকে কমলা সিনেমাসে ফার্স্ট ডে ফার্স্ট শো চলাকালে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। জেসনকে সমর্থন জানাতে তার পুরো পরিবার সেখানে উপস্থিত ছিল। বড় পর্দায় থালাপতি বিজয়ের ছবি দেখে এদিন আবেগপ্রবণ হয়ে পড়েন জেসনও।
এক অনুরাগী উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, বর্তমান রাজনৈতিক দায়িত্ব নিয়ে বিজয় হয়তো ব্যস্ত, তবে তার আশীর্বাদ ঠিকই প্রেক্ষাগৃহজুড়ে ছড়িয়ে আছে।
লাইকা প্রোডাকশন্সের ব্যানারে সুবাস্করণ প্রযোজিত ‘সিগমা’ ইউ/এ সেন্সর ছাড়পত্র পেয়েছে। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন থমন এবং চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন কৃষ্ণন বসন্ত।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









