সাতক্ষীরা শহরে মারামারি ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে জাকারিয়া খান (১৯) নামের এক কিশোর নিহত হয়েছেন। গত শুক্রবার (২ অক্টোবর) রাতে শহরের পশু হাসপাতাল মোড় এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত জাকারিয়া খান সাতক্ষী শহরের কাটিয়া এলাকার রুচিরা বেকারির মালিক আলহাজ্ব আব্দুল গফুর খানের ছেলে।
নিহতের ফুফাতো ভাই ও সাতক্ষীরা পৌর বিএনপি নেতা মাছুম বিল্লাহ শাহীন জানান, শুক্রবার রাতে জাকারিয়া শহরের সঙ্গীতা মোড়ের প্রাণিসম্পদ অফিসের সামনে একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন। এ সময় কিছু বখাটে যুবকের সঙ্গে চায়ের দোকানদারের কথা কাটাকাটি শুরু হয়। পরিস্থিতি খারাপ দেখে জাকারিয়া দোকানদারকে রক্ষা করতে এগিয়ে যান এবং মারামারি থামানোর চেষ্টা করেন। এ সময় বখাটেদের একজন জাকারিয়ার বুকে ও পেটে ধারালো ছুরি দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয় দোকানদার ও পথচারীরা তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. শাহীদুর রহমান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









