দেশের নদী, খাল ও জলাশয় দখলমুক্ত ও পুনরুদ্ধারের ক্ষেত্রে কোনো ধরনের দলীয় বা রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না বলে কঠোর বার্তা দিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শনিবার (৩ অক্টোবর) সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সীমান্তবর্তী মহানন্দা নদী পরিদর্শনকালে তিনি এই কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, একবার খনন ও পুনরুদ্ধার করা নদী, খাল কিংবা জলাশয় যাতে পুনরায় দখল হয়ে না যায়, সে বিষয়ে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে।
শনিবার সকালে মহানন্দা নদীর সীমান্তবর্তী বিভিন্ন এলাকা ঘুরে দেখার পর নদী ও পরিবেশ নিয়ে কাজ করা সংগঠন ‘নোঙর বাংলাদেশ’-এর আয়োজনে নোঙর রিভার ক্যাম্পের কার্যক্রম উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। পরে তিনি তেঁতুলিয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নেন।
আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা প্রসঙ্গে ফরহাদ হোসেন আজাদ জানান, বাংলাদেশের সঙ্গে ভারতের ৫৪টি এবং মিয়ানমারের তিনটি আন্তঃসীমান্ত নদী রয়েছে। এসব নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এ সময় ফারাক্কা চুক্তির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ৩০ বছর মেয়াদি এই চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে তা নবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ বিষয়ে একটি কারিগরি কমিটি কাজ করছে।
উল্লেখ্য, নোঙর বাংলাদেশের উদ্যোগে দেশের বিভিন্ন জেলায় পর্যায়ক্রমে রিভার ক্যাম্পের কার্যক্রম পরিচালিত হবে এবং বিভিন্ন জেলা ঘুরে এই কর্মসূচি টেকনাফে গিয়ে শেষ হবে। তেঁতুলিয়ায় এই কর্মসূচির উদ্বোধনের সময় সংগঠনের পতাকা আয়োজকদের হাতে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, তেঁতুলিয়ার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আকাশ, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, নোঙর বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি সুমন সামস, সাধারণ সম্পাদক আব্দুর রহিমসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং পরিবেশকর্মীরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









