প্রেক্ষাগৃহে মুক্তির পরই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’। শুক্রবার (২ অক্টোবর) অজয় দেবগন অভিনীত ফ্র্যাঞ্চাইজির শেষ কিস্তিটি মুক্তি পায়। প্রথম দিনেই সিনেমাটি আয়ের নতুন রেকর্ড গড়েছে।
বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের তথ্যমতে, মুক্তির প্রথম দিনেই ভারতের বাজারে সিনেমাটি নিট ৬৬.৭৫ কোটি রুপি আয় করেছে। ভারতে এর মোট আয় দাঁড়িয়েছে ৮০.১০ কোটি রুপি। দেশের বাইরের বাজার থেকে এসেছে আরও ১৫ কোটি রুপি। সব মিলিয়ে প্রথম দিনেই বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৯৫.১০ কোটি রুপি।
এই আয়ের মাধ্যমে ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির আগের দুই কিস্তির উদ্বোধনী আয়ের রেকর্ড ছাড়িয়ে গেছে সিনেমাটি।
২০১৫ সালে মুক্তি পাওয়া সিরিজের প্রথম সিনেমা ‘দৃশ্যম’ উদ্বোধনী দিনে ৫.৮৫ কোটি এবং ২০২২ সালের ‘দৃশ্যম ২’ প্রায় ১৫.৩৮ কোটি রুপি নিট আয় করেছিল। আগের দুই কিস্তিকে পেছনে ফেলার পাশাপাশি এই উদ্বোধনী আয় অজয় দেবগনের অভিনয় ক্যারিয়ারেরও অন্যতম বড় সাফল্য।
পর্দায় বিজয় সালগাঁওকরের উপস্থিতি মানেই টানটান উত্তেজনা ও বুদ্ধির লড়াই। পরিবারের নিরাপত্তা রক্ষায় তার বুনে যাওয়া রহস্যের জাল বরাবরই দর্শকদের আকৃষ্ট করেছে। সেই ধারাবাহিকতা বজায় রেখে আড়াই ঘণ্টার ক্রাইম থ্রিলার ‘দৃশ্যম ৩’ নির্মাণ করেছেন অভিষেক পাঠক।
সিনেমাটিতে অজয় দেবগনের পাশাপাশি মীরা দেশমুখ চরিত্রে তাবু এবং এসপি রাজবীর সিং চরিত্রে জয়দীপ অহলাওয়াত অভিনয় করেছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









