ডেঙ্গু রোগের বিস্তার রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সারাদেশের ন্যায় শার্শায়ও জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এ করনীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টায় শার্শা উপজেলা অডিটরিয়ামে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি,যশোর জেলার ইউনিট এবং উপজেলা স্কাউট ও গার্লস গাইড সদস্যবৃন্দের সাথে মতবিনিময় সভা করা হয়।
শার্শা উপজেলা প্রশাসন ও বেনাপোল পৌরসভার যৌথ উদ্যোগে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নিয়াজ মাখদুম।এছাড়াও উপস্থিত ছিলেন বেনাপোল পৌরসভার সচিব সাইফুল ইসলাম বিশ্বাসসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
মতবিনিময় শেষে উপস্থিত স্কাউটস ও গার্লস গাইডদের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় বলে নিশ্চিত করেন বেনাপোল পৌরসভার স্বাস্থ্য সহকারী মোহাম্মদ হাফিজুর রহমান। সকাল ১১ টায় বেনাপোলস্থ বলফিল্ড হতে শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন জায়গায় ডেঙ্গু বিরোধী অভিযান পরিচালিত হবে বলে তিনি আরো জানান।
অভিযানের অংশ হিসেবে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে জমে থাকা পানি অপসারণ,নালা-নর্দমা ও আশপাশের পরিবেশ পরিষ্কার করা এবং মশার প্রজননস্থল ধ্বংস করা হবে বলে জানিয়েছে মতবিনিময় সভায় অংশ নেওয়া বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যশোর জেলা ইউনিটের সদস্যরা ।
বিশেজ্ঞাদের মতে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









