২০১৩ সালে রেকর্ডটি গড়েছিলেন ক্রিস গেইল। এরপর কেটে গেছে ১৩ বছর। এই সময়ে অনেকেই রেকর্ডটির কাছে গেলেও কেউ তা ভাঙতে পারেননি। এবার সেই রেকর্ড ভেঙে দিলেন দক্ষিণ আফ্রিকার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস। পুরুষদের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড এখন তার দখলে।
সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে নাইটসের বিপক্ষে টাইটানসের হয়ে অপরাজিত ১৮৮ রান করেছেন প্রিটোরিয়াস। ব্লুমফন্টেইনে এই ইনিংস খেলতে তার লেগেছে মাত্র ৭৯ বল।
মাত্র ২০ বছর বয়সী প্রিটোরিয়াস টি-টোয়েন্টি ইতিহাসের প্রথম ডাবল সেঞ্চুরি থেকে ছিলেন ১২ রান দূরে। তবে শেষ পর্যন্ত সেই রেকর্ড গড়া হয়নি তার। এটি তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি।
আগের রেকর্ডটি ছিল গেইলের দখলে। ২০১৩ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে অপরাজিত ১৭৫ রান করেছিলেন তিনি। এবার সেই রেকর্ড পেছনে ফেলে দিলেন প্রিটোরিয়াস।
বাঁহাতি ওপেনার শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন। ২৪ বলে ফিফটি পূর্ণ করেন তিনি। এরপর মাত্র ১৬ বলে সেঞ্চুরিতে পৌঁছান। অর্থাৎ ৪০ বলেই তিন অঙ্কের ঘরে যান প্রিটোরিয়াস। ৫৮ বলে পূর্ণ করেন ১৫০ রান। পুরো ইনিংসে মারেন ১৩টি ছক্কা ও ১৫টি চার।
নাইটসের কোনো বোলারই তাকে থামাতে পারেননি। দলের সব বোলারই ওভারপ্রতি ১১ বা তার বেশি রান দিয়েছেন। বল খেলার হিসাবে পুরুষদের টি-টোয়েন্টির দীর্ঘতম ইনিংসের তালিকায় অ্যারন ফিঞ্চ ও মার্কাস স্টয়নিসের সঙ্গে একই অবস্থানে আছেন প্রিটোরিয়াস।
তার দুর্দান্ত ইনিংসে ভর করে টাইটানস ৩ উইকেটে ২৬৭ রান সংগ্রহ করে। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ দলীয় স্কোর। এর চেয়ে বেশি স্কোরও টাইটানসেরই।
২০২২ সালে একই নাইটসের বিপক্ষে ৩ উইকেটে ২৭১ রান করেছিল টাইটানস। ওই ম্যাচে ডেওয়াল্ড ব্রেভিস করেছিলেন ১৬২ রান, যা এত দিন এই প্রতিযোগিতার সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ছিল। এবার প্রিটোরিয়াস সেই রেকর্ডও নিজের করে নিয়েছেন। প্রতিযোগিতার ইতিহাসের শীর্ষ পাঁচ দলীয় স্কোরই এখন টাইটানসের দখলে।
২০২৬-২৭ মৌসুমে এটি ছিল প্রিটোরিয়াসের প্রথম ম্যাচ। তবে দারুণ ফর্ম নিয়েই মাঠে নেমেছিলেন তিনি। সেপ্টেম্বরের ত্রিদেশীয় সিরিজে আগের দুই ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৯৪ এবং নামিবিয়ার বিপক্ষে ১০১ রান করেছিলেন।
আন্তর্জাতিক ক্রিকেটে এখনো নতুন প্রিটোরিয়াস। সব সংস্করণ মিলিয়ে খেলেছেন মাত্র ২২টি ম্যাচ। তবে টি-টোয়েন্টিতে এটি ছিল তার ৯১তম ম্যাচ। এই সংস্করণে তার স্ট্রাইক রেট ১৫০.৪৪।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









