কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী ধারাবাহিক বিশেষ অভিযান চালিয়ে আরও ৩৬৩ জনকে আটক করেছে জেলা পুলিশ। এ নিয়ে পঞ্চম দফায় পরিচালিত এই অভিযানে মোট ২ হাজার ৩৫ জনকে আটক করা হলো। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এই অভিযান চালানো হয়।
শনিবার (৩ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া কর্মকর্তা) লুৎফর রহমান।
পুলিশ জানায়, কিশোর গ্যাংয়ের উৎপাত রয়েছে—এমন বিভিন্ন আড্ডাস্থল ও অপরাধপ্রবণ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন। শুক্রবারের এই অভিযানে কুখ্যাত কিশোর গ্যাং ‘রতন গ্রুপ’-এর প্রধান মো. রতনকে গ্রেফতার করা হয়েছে। ২০২২ সালে কুমিল্লা মিশনারী স্কুলের সামনে সংঘর্ষে শাহাদাত হোসেন হত্যা মামলার প্রধান আসামি রতন। এ ছাড়া তার বিরুদ্ধে অস্ত্রসহ একাধিক গুরুতর মামলা রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, আটককৃত ৩৬৩ জনের বিরুদ্ধে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সম্পৃক্ততা রয়েছে কি না, তা বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে। সত্যতা পেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, উঠতি বয়সী কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
উল্লেখ্য, এর আগের চার দফায় ১ হাজার ৬৭২ জনকে আটক করা হয়েছিল। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধের সংশ্লিষ্টতা পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বাকিদের মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









