নামে পাকা রাস্তা হলেও খানাখন্দ আর জলাবদ্ধতার কারণে পাবনার আটঘরিয়ায় চরম জনদুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। আটঘরিয়া বাজার থেকে খিদিরপুর হয়ে রতিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়কটির অনেকাংশজুড়ে এখন এই বেহাল দশা বিরাজ করছে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, রতিপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তার পাশে একটি পুকুর রয়েছে। অতিরিক্ত বৃষ্টির কারণে পুকুরের পানি উপচে প্রায়ই রাস্তায় এসে জমে থাকে। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় রাস্তায় দীর্ঘক্ষণ জলাবদ্ধতা তৈরি হয়। এর ফলে রাস্তার পাশের মাটি সরে গিয়ে বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে এবং বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে করে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
ভুক্তভোগী এলাকাবাসী অবিলম্বে ক্ষতিগ্রস্ত এই রাস্তাটি সংস্কার করার দাবি জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে যেন পুকুরের পানি উপচে পুনরায় রাস্তার ক্ষতি করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেছেন তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









