পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও সবুজায়নের লক্ষ্যে পাবনার বেড়া উপজেলার ত্রিমোহনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) বেলা ১১টায় অনন্য সমাজ কল্যাণ সংস্থার ত্রিমোহিনী শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ৫০০ মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সংস্থাটির নির্বাহী পরিচালক বরনা খাতুন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, সংস্থার কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
উপস্থিত ছিলেন মাসুমদিয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান শামসুর রহমান সমেজ, ইউপি সদস্য মো. সুমন মিয়া, মিরপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. বাতেন, সংস্থার সিনিয়র সহকারী পরিচালক মো. রেজাউল করিম, আইটি প্রধান সজিবুল ইসলাম, সিনিয়র অফিসার আব্দুস সাত্তার শিপলু ও এরিয়া ম্যানেজার সাইফুল ইসলামসহ অনেকে।
বরনা খাতুন বলেন, গাছ অক্সিজেন সরবরাহের পাশাপাশি পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিবেশ রক্ষায় সংস্থার উদ্যোগে সারাদেশে ১০ হাজার গাছের চারা বিতরণের কর্মসূচি নেওয়া হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।
কর্মসূচিতে স্থানীয়রা উৎসবমুখর পরিবেশে চারা গ্রহণ করেন। পরিবেশ রক্ষায় সবাইকে বেশি বেশি গাছ লাগানো ও পরিচর্যার আহ্বান জানানো হয়।
আয়োজকরা জানান, এ কর্মসূচির মাধ্যমে স্থানীয়দের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও সবুজায়নে জনসম্পৃক্ততা বাড়ানোই মূল লক্ষ্য।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









