মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুল্লাহ ও বিএনপি নেতাদের নিজস্ব অর্থায়নে শ্রীনগর ও সিরাজদিখান থানায় ৬টি পিকআপ ভ্যান দেওয়া হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে এমপি মো. আব্দুল্লাহ পুলিশের অতিরিক্ত আইজি (গ্রেড-১) প্রশাসন এ কে এম আওলাদ হোসেনের কাছে গাড়িগুলোর চাবি হস্তান্তর করেন।
দীর্ঘদিন ধরে দুই থানায় যানবাহন সংকট থাকায় অপরাধ দমনসহ পুলিশের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছিল। নতুন গাড়ি পাওয়ায় থানাগুলোর কার্যক্রমে গতি বাড়বে বলে জানিয়েছে পুলিশ।
শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান বলেন, দুই উপজেলার আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা হিসেবে সংসদ সদস্য মো. আব্দুল্লাহ থানাগুলোর যানবাহন সংকটের বিষয়টি জানতে পারেন। পরে দলীয় নেতারা তার সঙ্গে গাড়ি ক্রয়ের অর্থায়নে অংশ নেন।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আনোয়ার পারভেজ, শ্রীনগর থানার ওসি মোহাম্মদ জুয়েল মিয়া, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি ধীরেন কুদ্দুস, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক হায়দার আলীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









