রাঙামাটির বাঘাইছড়িতে দায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে মো. সৈয়দ আমিনুল হক (৫৩) নামে ৩৭ আনসার ব্যাটালিয়নের (মারিশ্যা) এক ল্যান্স নায়েকের মৃত্যু হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে বাঘাইছড়ি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মডেল টাউন এলাকায় অবস্থিত প্রস্তাবিত ব্যাটালিয়ন সদর ক্যাম্পে এ ঘটনা ঘটে।
নিহত সৈয়দ আমিনুল হকের রেজিস্ট্রি নম্বর ৩৩৩১০। তার স্থায়ী ঠিকানা মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার রৌহা গ্রামে (ডাকঘর-খুলশী)।
ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, ল্যান্স নায়েক সৈয়দ আমিনুল হক মডেল টাউন ক্যাম্পে দায়িত্ব পালন করছিলেন। রাত ২টা থেকে তার ডিউটি শুরু হওয়ার কথা ছিল। এ সময় পূর্বের ডিউটিতে থাকা সদস্য তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য কক্ষ থেকে ডাকতে গেলে কোনো সাড়াশব্দ পাননি। পরে সহকর্মীরা গিয়ে তাকে অচেতন অবস্থায় দেখতে পান।
পরবর্তীতে তাকে দ্রুত বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আনোয়ার হোসেন জানান, হাসপাতালে আনার আনুমানিক ২০ থেকে ২৫ মিনিট আগেই তার মৃত্যু হয়েছিল।
মারিশ্যা ৩৭ আনসার ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ সাজ্জাদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘‘দায়িত্বরত অবস্থায় ওই আনসার সদস্যের মৃত্যু হয়েছে। তার উচ্চ রক্তচাপের সমস্যা ছিল। প্রয়োজনীয় আইনি ও দাপ্তরিক প্রক্রিয়া শেষে তার মরদেহ বাড়িতে পাঠানো হয়েছে।’’
সহকর্মীদের দেওয়া তথ্য অনুযায়ী, সৈয়দ আমিনুল হক আগে থেকেই হৃদরোগে ভুগছিলেন। এর আগে আরও দুইবার তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।
রবিবার সকাল ১০টায় ৩৭ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরদেহ মানিকগঞ্জে তার নিজ গ্রামের উদ্দেশে পাঠানো হয়েছে। সেখানে পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তরের ব্যবস্থা করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









