নওগাঁর মহাদেবপুরে পুকুরে গোসল করতে নেমে তাসলিমা আক্তার নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার চেরাগপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাসলিমা আক্তার উপজেলার চেরাগপুর গ্রামের নুরুন্নবীর মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার দুপুর ১টার দিকে স্বামীকে সঙ্গে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন তাসলিমা। পরে বেলা আড়াইটার দিকে তিনি তার আট বছর বয়সী ছোট ভাইকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যান। এ সময় তাসলিমা ও তার স্বামী পুকুরের পানিতে নামেন।
পরিবারের সদস্যরা জানান, তাসলিমা ও সামির দুজনই সাঁতার জানতেন না। গোসলের একপর্যায়ে তারা পুকুরে তলিয়ে যান। বিষয়টি দেখতে পেয়ে তাসলিমার ছোট ভাই চিৎকার শুরু করলে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে এসে পুকুরে নেমে তাদের উদ্ধার করেন।
পরে তাসলিমাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। গুরুতর অসুস্থ অবস্থায় সামির হোসেনকে দ্রুত মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘‘পুকুরে ডুবে তাসলিমা আক্তারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









