সার্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ নিশ্চিত করার লক্ষ্যে ময়মনসিংহে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সুপরিকল্পিত নগরায়ণ ও সুশৃঙ্খল ভূমি ব্যবহারের মাধ্যমে বসতি স্থাপনে বিস্তর আলোকপাত করা হয়।
সোমবার (০৫ অক্টোবর) সকালে নগরীর কাচিঝুলি এলাকার প্রধান সড়কে এই র্যালী অনুষ্ঠিত হয়।
এতে নগরীর বিভিন্ন পর্যায়ের অংশিজনরা অংশগ্রহন করেন। পরে র্যালী শেষে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ ও গণপূর্ত বিভাগের যৌথ আয়োজনে গণপূর্ত কার্যালয় চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। তিনি বলেন, সিটি করপোরেশন এবং উন্নয়ন কর্তৃপক্ষের আলোচনার মাধ্যমে সুন্দর, পরিকল্পিত, বসবাসযোগ্য নগরী গড়বেন, এটাই আমাদের প্রত্যাশা। ময়মনসিংহকে নতুন করে সাজিয়ে সুন্দর একটি নগরী নতুন প্রজন্মকে উপহার দিতে চাই। মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে চাই। সবাই ঐক্যবদ্ধ হোন, সফলতা আসবেই।
এ সময় ময়মনসিংহ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী অর্ণব বিশ্বাসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মো: গোলাম মাছুম প্রধান, তথ্য পরিচালক মীর আকরাম উদ্দিন আহাম্মদ, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুকু, সিনিয়র সহসভাপতি রুহুল আমিন, ব্যবসায়ি নেতা মনসুর আলম চন্দন প্রমূখ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার বলেন, দীর্ঘ সময়ে এই নগরকে নোংরা শহরে পরিনত করা হয়েছে। কিন্তু ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ প্রতাষ্ঠার পর থেকে আমরা চেষ্টা করছি পরিকল্পিত ও বাসযোগ্য নগরী গড়তে। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও বলেন, ভবন নির্মাণের সকল নীতিমালা অনুসরণ করেই ভবন অনুমোদন দিতে চাই। আগামীকাল বুধবার বিসি কমিটির সভা শেষে প্রথমবারের মতো ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ভবন অনুমোদন করবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









