নওগাঁর আত্রাইয়ে ছাগলে গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে কথাকাটাকাটির জেরে প্রতিপক্ষের মারধরে মো. ইয়াছিন আলী (৮০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার পাঁচুপুর ইউনিয়নের মধুগুরনই গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ইয়াছিন আলী ওই গ্রামের মৃত গরিবউল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে মধুগুরনই গ্রামের রহিদুলের ছেলে মো. মিমের (১৮) একটি ছাগল ইয়াছিন আলীর বাড়ির গাছের পাতা ও ফসল খাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মিম ক্ষিপ্ত হয়ে বৃদ্ধ ইয়াছিন আলীকে কিল-ঘুষি মারেন বলে অভিযোগ ওঠে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
পরে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ইয়াছিন আলীকে মৃত ঘোষণা করেন।
সামান্য একটি বিষয়কে কেন্দ্র করে এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে আত্রাই থানার পুলিশ জানিয়েছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং বৃদ্ধের মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









