মালয়েশিয়ায় ভয়াবহ ভূমিধসে মাটিচাপা পড়ার দুই দিন পর এক বাংলাদেশি শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে দেশটির ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ। কেলান্তান প্রদেশের লোজিন হাইল্যান্ডসে নিখোঁজ হওয়ার পর উদ্ধারকারী দলের টানা তৎপরতা এবং ট্র্যাকার কুকুরের সহায়তায় অবশেষে তাঁর সন্ধান মেলে।
নিহত বাংলাদেশির নাম মো. ফাহাদ হোসেন (২৭)। তবে তার বিস্তারিত পরিচয় পুলিশ তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি।
স্থানীয় সংবাদপত্র ‘নিউ স্ট্রেইট টাইমস’ শনিবার এক প্রতিবেদনে জানায়, কেলান্তান প্রদেশের লোজিন হাইল্যান্ডসের একটি সবজি খামারে শুক্রবার এই ভূমিধসের ঘটনা ঘটে। ভূমিধসের পর দুইদিনের উদ্ধার অভিযান শেষে মাটি চাপায় নিহত বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে রোববার।
গুয়া মুসাং পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট সিক চুন ফু-এর বরাত দিয়ে ‘নিউ স্ট্রেইট টাইমস’ জানায়, ওইদিন দুপুরে মালয়েশিয়ার ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের ‘কে-৯’ ইউনিটের ‘ফ্র্যাঙ্কি’ নামের একটি ট্র্যাকার কুকুর ২৭ বছর বয়সি ওই বাংলাদেশি কর্মীর লাশের অবস্থান শনাক্ত করে।
পরে উদ্ধারকারী দলের সদস্যরা মাটির স্তূপের নিচ থেকে লাশটি উদ্ধার করে। এর আগে, সকালে উদ্ধার অভিযানের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়; এতে ২০ জন দমকলকর্মী, তিনটি ট্র্যাকার কুকুর ও একটি এক্সকাভেটর ব্যবহার করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









