কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে বিশেষ অভিযান চালিয়ে তিনটি কিশোর গ্যাংয়ের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।
তিনি জানায়, কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশনায় কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি পরিচালিত বিশেষ অভিযানে তিন থানার তিনটি কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— কোতোয়ালি থানা এলাকার ‘স্ম্যাশ স্কোয়াড’ গ্যাংয়ের জিসান (১৯)। তিনি তেলিকোনা গোবিন্দ পুকুরপাড় এলাকার জিলানীর ছেলে। একই গ্রুপের সাইফুল ইসলাম (২০)। তিনি আড়াইওড়া সমিতিপাড়া এলাকার আবদুল কুদ্দুসের ছেলে।
চৌদ্দগ্রাম উপজেলার ১২০৭ গ্যাংয়ের মো. তারেক হোসেন সৈকত (১৯)। তিনি উপজেলার নলিশ্বর গ্রামের আব্দুল মালেকের ছেলে। একই গ্রুপের মো. জাফর আহমদ (২৩)। তিনি একই উপজেলার কোমারডোগা গ্রামের মো. আলীর ছেলে। এছাড়া মনোহরগঞ্জ উপজেলার পিএক্স ১০ গ্রুপের মো. শাকিব (১৭)। তিনি উপজেলার পোমগাঁও গ্রামের তবু মিয়ার ছেলে।
এ ছাড়া মনোহরগঞ্জ থানা এলাকা থেকে ‘পিএক্স-১০’ গ্যাংয়ের মো. শাকিবকে (১৭) গ্রেপ্তার করা হয়েছে। সে পোমগাঁও মধ্যপাড়া এলাকার তবু মিয়ার ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, ‘‘কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষের জানমাল রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে ছাড় দেওয়া হবে না।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









