পাবনার ঈশ্বরদীতে ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এস এম রবিউল ইসলাম ও উপাধ্যক্ষ হাফিজা খাতুনের বাসায় চুরির ঘটনা ঘটেছে। চোরেরা নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে পৌর এলাকার হাসপাতাল সড়কের ওই বাড়িতে গিয়ে চুরির বিষয়টি জানতে পারেন তাদের জামাতা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. কাজী তানভীর মাহাতাব রাসেল। তিনি বাড়ির মূল ফটক ও ঘরের দরজা খোলা দেখতে পান।
পারিবারিক সূত্র জানায়, সাবেক অধ্যক্ষ এস এম রবিউল ইসলাম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। স্ত্রীও তার সঙ্গে ঢাকায় থাকায় কয়েকদিন ধরে বাড়িটি ফাঁকা ছিল।
অধ্যক্ষের ভায়রা আব্দুল্লাহ আল ওমর সুমার খান জানান, ঘরের দরজা বা তালায় ভাঙচুরের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, চোরেরা কৌশলে তালা খুলে ঘরে ঢুকে প্রায় ৭ লাখ টাকা, ৬ থেকে ৭ ভরি স্বর্ণালংকার ও একটি দামি স্মার্টফোন নিয়ে গেছে।
ঈশ্বরদী থানার ওসি মো. আশাদুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনাসহ জড়িতদের শনাক্ত ও চুরি যাওয়া মালামাল উদ্ধারে অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









