‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্য সামনে রেখে বরিশালে বিশ্ব বসতি দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের যৌথ উদ্যোগে নগরীতে শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নগর পরিকল্পনা ও নিরাপদ আবাসন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক সালমা পারভীন বলেন, নিরাপদ ও মানসম্মত আবাসনের জন্য পর্যাপ্ত আলো-বাতাস, নিরাপদ পানি, ড্রেনেজ ও পয়ঃনিষ্কাশন, অগ্নিনিরাপত্তা এবং পরিবেশের ভারসাম্য নিশ্চিত করতে হবে। ভবন নির্মাণে ইমারত নির্মাণ বিধিমালা মেনে চলার ওপরও তিনি গুরুত্ব দেন।
বক্তারা বলেন, পরিকল্পিত নগরায়ণের জন্য সড়ক, খেলার মাঠ, উদ্যান, স্বাস্থ্যসেবা কেন্দ্র ও উন্মুক্ত স্থান নিশ্চিত করা জরুরি। পাশাপাশি ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলায় ভবনে জরুরি বহির্গমন পথ ও অগ্নিনির্বাপক ব্যবস্থা রাখতে হবে।
খাল, পুকুর ও জলাধার ভরাট করে অপরিকল্পিত আবাসন গড়ে তোলার বিরোধিতা করে বক্তারা জলাধার ও সবুজ এলাকা সংরক্ষণের আহ্বান জানান।
সভায় সিভিল সার্জন ডা. মো. সাইয়েদুর রহমান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফয়সাল আলমসহ প্রশাসনের কর্মকর্তা, প্রকৌশলী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









