পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহ-সভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে আটক করেছে পঞ্চগড় সদর থানা পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজীপাড়া মিলনবাজার এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটকের পর তাকে সদর থানায় নেওয়া হয়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সকাল সাড়ে ৮টার দিকে তাকে পঞ্চগড় আদালতে হাজির করা হয়।
নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে আদালতে হাজির করার খবর ছড়িয়ে পড়লে আদালত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়। এ সময় আদালতজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে পঞ্চগড়ে ইজিবাইকচালক আল আমিনকে গুম ও হত্যা, বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগে মোট ১২টি মামলা রয়েছে।
পুলিশ বলছে, তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবেই তাকে আটক করে আদালতে হাজির করা হয়েছে।
মঙ্গলবার সকালে নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল।
এদিকে, সাবেক এই সংসদ সদস্যকে আদালতে হাজির করার সময় আদালত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









