এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার জয়ের দৌড়ে এগিয়ে আছেন কানাডার কবি অ্যান কারসন ও চীনের নিরিক্ষাধর্মী লেখক কান শুয়ে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) এ বছরের নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে।
বাজিকর প্রতিষ্ঠান ল্যাডব্রোকসের হিসাবে, কারসন ও কান শুয়ের দুজনেরই পুরস্কার জয়ের সম্ভাবনার ক্ষেত্রে ১০-১ ব্যবধানের বাজি ধরা হয়েছে। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই সাহিত্য পুরস্কারের অর্থমূল্য এ বছর ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা, যা প্রায় ৯ লাখ পাউন্ডের সমান।
৭৬ বছর বয়সী অ্যান কারসন কবিতা ও গদ্যের মিশ্রণ এবং সমসাময়িক গল্পের সঙ্গে প্রাচীন পুরাণের সমন্বয়ের জন্য পরিচিত। তার উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে রয়েছে ১৯৯৮ সালের পদ্য উপন্যাস ‘অটোবায়োগ্রাফি অব রেড’। গ্রিক পুরাণের বীর হেরাক্লিসকে ঘিরে লেখা একটি কবিতাকে নতুনভাবে উপস্থাপন করে এই বইয়ে একজন সমকামী তরুণের বেড়ে ওঠার গল্প তুলে ধরা হয়েছে।
৭৩ বছর বয়সী কান শুয়ে কয়েক বছর ধরেই নোবেল পুরস্কারের সম্ভাব্য বিজয়ীদের তালিকায় আলোচনায় রয়েছেন। তার প্রকৃত নাম দেং শিয়াওহুয়া। ‘লাভ ইন দ্য নিউ মিলেনিয়াম’ উপন্যাস এবং ‘আই লিভ ইন দ্য স্লামস’ ছোটগল্প সংকলনের জন্য তিনি দুবার আন্তর্জাতিক বুকার পুরস্কারের দীর্ঘ তালিকায় জায়গা পেয়েছেন।
কারসন ও কান শুয়ের পর ১৪-১ ব্যবধানে রয়েছেন জাপানের লেখক হারুকি মুরাকামি। আন্তর্জাতিকভাবে সবচেয়ে বেশি বিক্রি হওয়া লেখকদের মধ্যে তিনি অন্যতম। ‘নরওয়েজিয়ান উড’ ও ‘কাফকা অন দ্য শোর’-এর মতো বইয়ের জন্য তিনি বিশ্বজুড়ে পরিচিত। ল্যাডব্রোকসের তালিকায় ১৬-১ ব্যবধানে রয়েছেন অস্ট্রেলিয়ার নিরিক্ষাধর্মী লেখক জেরাল্ড মুরনেন এবং যুক্তরাষ্ট্রের উত্তরাধুনিক ঔপন্যাসিক টমাস পিনচন।
এ ছাড়া ২০-১ ব্যবধানে রয়েছেন সাতজন লেখক। তারা হলেন—মার্গারেট অ্যাটউড, ক্রিস্তিনা রিভেরা গারসা, এনরিকে ভিলা-মাতাস, জামাইকা কিনকেইড, লিদিয়া জর্জ, লিউদমিলা উলিৎস্কায়া ও মিশেল ওয়েলবেক। কানাডার ঔপন্যাসিক মার্গারেট অ্যাটউড ‘দ্য হ্যান্ডমেইডস টেল’-এর লেখক। সাহিত্যের অন্যতম বড় পুরস্কার বুকার ও গিলার পুরস্কারসহ বেশ কয়েকটি পুরস্কার এরই মধ্যে পেয়েছেন তিনি।
অন্যদিকে, মেক্সিকোর লেখক ক্রিস্তিনা রিভেরা গারসা ২০২৪ সালে ‘লিলিয়ানাস ইনভিনসিবল সামার’ বইয়ের জন্য পুলিৎজার পুরস্কার পান। বইটি তার ২০ বছর বয়সী বোনকে নিয়ে লেখা স্মৃতিকথা। তার বোনকে সাবেক এক প্রেমিক হত্যা করেছিলেন।
স্পেনের অন্যতম আলোচিত ঔপন্যাসিক এনরিকে ভিলা-মাতাস। তার লেখায় কথাসাহিত্য ও প্রবন্ধের মিশ্রণ দেখা যায়। ২০২০ সালে তার উত্তরাধুনিক উপন্যাস ‘ম্যাক অ্যান্ড হিজ প্রবলেম’ আন্তর্জাতিক বুকার পুরস্কারের দীর্ঘ তালিকায় জায়গা পেয়েছিল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









