বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি সম্পন্ন করেছে।
বুধবার (৭ অক্টোবর) রাতে রাজধানীর র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের মধ্যে চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিমানমন্ত্রী বলেন, “বিশ্বের সঙ্গে তাল মেলাতে বিমানের আধুনিকায়ন জরুরি। নতুন প্রজন্মের এসব বিমান বাংলাদেশের এভিয়েশন খাতকে বিশ্বমানের সঙ্গে তাল মিলিয়ে আরো এগিয়ে নেবে।”
তিনি বলেন, “শুধু আধুনিক বিমান দিয়ে একটি এয়ারলাইনকে সফল করা যায় না। বিমানের ভবিষ্যৎ নির্ভর করবে পেশাদারিত্ব, শৃঙ্খলা, দক্ষতা ও দায়িত্ববোধের ওপর।”
তিনি আরও বলেন, “আসুন, নিরাপত্তা, দক্ষতা, সময়ানুবর্তিতা, সততা ও উৎকর্ষতার সংস্কৃতি গড়ে তুলি। সম্মিলিতভাবে বিমানকে আরো শক্তিশালী, প্রতিযোগিতামূলক ও মর্যাদাপূর্ণ এয়ারলাইনে পরিণত করি-যা হবে বাংলাদেশের প্রতিটি নাগরিকের গর্বের উৎস।”
চুক্তি সই অনুষ্ঠানে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর, ইনভেস্ট বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বিমানের চেয়ারম্যান রুমি এ হোসেন, এয়ারবাস ইন্ডিয়া ও সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ইয়োর্গেন ওয়েস্টারমেয়ারসহ বাংলাদেশ সরকার, বিমান ও এয়ারবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









