চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৬৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাপসহ মো. ইউসুফ আলী (২৪) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (০৬ অক্টোবর) ভোর আনুমানিক ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধীনস্থ মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল এই অভিযান পরিচালনা করে।
আটককৃত মো. ইউসুফ আলী শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের মো. আব্দুল লতিফের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার মনাকষা গ্রাম এলাকায় একটি যাত্রীবাহী অটোরিকশায় তল্লাশি চালায় মনাকষা বিওপির বিশেষ টহলদল। এ সময় অটোরিকশায় থাকা ইউসুফ আলীর বহনকৃত ব্যাগে তল্লাশি চালিয়ে ৬৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক বাজার মূল্য ২৭,২০০ টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি জানান, আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, পুশ-ইন প্রতিরোধ এবং মাদকসহ যেকোনো অবৈধ চোরাচালান দমনে বিজিবির এমন তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









