সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে স্ত্রীকে ৪ লাখ টাকার বিনিময়ে ভারতে পাচারের চেষ্টার অভিযোগে স্বামীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় এক গৃহবধূকে উদ্ধার করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) রাত ৮টার দিকে জাফলংয়ের প্রজাপতি রিসোর্টে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ওই গৃহবধূকে জাফলং সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে রিসোর্টে অবস্থান করছিলেন গ্রেপ্তার ব্যক্তিরা। অভিযানে গৃহবধূকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ময়মনসিংহের ভালুকা উপজেলার আওলাতলী গ্রামের আব্দুল লতিফের ছেলে ও ভুক্তভোগীর স্বামী আশিকুর রহমান, নিশ্চাম গ্রামের ফিরোজ মিয়ার ছেলে জহিরুল ইসলাম, পালগাঁও গ্রামের মোনছের আলীর ছেলে কাওছার এবং গোবুদিয়া গ্রামের আ. করিমের ছেলে সাগর মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগীকে ৪ লাখ টাকার বিনিময়ে ভারতে পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।
উদ্ধার হওয়া ভুক্তভোগী খুকি আক্তার মীম বাদী হয়ে সোমবার রাতে গোয়াইনঘাট থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার ও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সীমান্ত এলাকায় মানব পাচার প্রতিরোধে পুলিশের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









