খেলনা বল ভেবে রাস্তার পাশে পড়ে থাকা ককটেল হাতে নিতেই বিস্ফোরণে শরীয়তপুরের জাজিরায় মো. কামরুল (১৪) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। পরে ঘটনাস্থল থেকে আরও দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন পূর্ব নাওডোবা ইউনিয়নের ফেদুল্লা বেপারী কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত কামরুল ওই এলাকার রাজ্জাক বেপারীর ছেলে। বিস্ফোরণে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি ক্লিনিকে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্কুলে যাওয়ার পথে স্থানীয় কিশোর জুনায়েদ আহমেদ (১৭) রাস্তার পাশে কসটেপে মোড়ানো একটি বস্তু পড়ে থাকতে দেখেন। সেটিকে খেলনা বল মনে করে তিনি হাতে তুলে নেন। বিষয়টি দেখে সহপাঠী কামরুল সেটি সম্পর্কে জানতে চায়। পরে দুজন মিলে বস্তুটি জুনায়েদের দাদি নাসিমা বেগমকে দেখালে তিনি সেটিকে ককটেল বলে শনাক্ত করেন। আতঙ্কিত হয়ে জুনায়েদ সেটি হাত থেকে ফেলে দিলে মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। এতে কাছাকাছি থাকা কামরুল গুরুতর আহত হয়।
খবর পেয়ে পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাস্তার পাশে অরক্ষিত অবস্থায় আরও দুটি ককটেল উদ্ধার করে। ঘটনাস্থলে আরও কোনো বিস্ফোরক রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) সাইদুজ্জামান বলেন, ‘‘ককটেল বিস্ফোরণে এক কিশোর আহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে আরও দুটি ককটেল পাওয়া গেছে। আহত কিশোরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









