পাবনার ঈশ্বরদীতে মোবাইলের শোরুমে কর্মচারীদের সঙ্গে হাতাহাতি ও মারামারির ঘটনায় ছাত্রদল নেতাসহ উভয় পক্ষের বেশ কয়েকজনকে থানায় নিয়ে গেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে পৌর শহরের পোস্ট অফিস মোড় এলাকার আরআরপি সেন্টারের তৃতীয় তলায় ‘অ্যাপেল জেড’ নামের একটি মোবাইল দোকানে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি মেরিদুল ইসলাম ওই মোবাইলের দোকানে যান। সেখানে একটি মোবাইল দেখানোকে কেন্দ্র করে দোকানের কর্মচারীদের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়।
এ সময় দোকানের কর্মচারী সুবেল ও রাহুলের সঙ্গে ছাত্রদল নেতা মেরিদুল ইসলামের ধস্তাধস্তি ও মারামারি হয়। উভয় পক্ষই একে অপরকে মারধর করেন বলে অভিযোগ পাওয়া যায়। এরপর মেরিদুল ইসলাম মোবাইল ফোনে তাঁর পরিচিত কিছু বন্ধু ও ছাত্রদলের নেতাকর্মীদের ঘটনাস্থলে ডেকে পাঠান।
খবর পেয়ে ঈশ্বরদী থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দোকানের স্বত্বাধিকারী ইলিয়াস রতন, কর্মচারী সুবেল ও রাহুল এবং ছাত্রদল নেতা মেরিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কয়েকজনকে থানায় নিয়ে যায় পুলিশ।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান জানান, মোবাইলের দোকানে মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের লোকজনকে থানায় নিয়ে আসে। দোকানে ভাঙচুর ও মারধরের অভিযোগ থাকায় কর্মচারীদের মধ্যে তিনজনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
ওসি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি। বর্তমানে উভয় পক্ষের মধ্যে বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা চলছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









