রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভায় যাত্রীভর্তি একটি বাসের ধাক্কায় ভ্যানচালকসহ চারজন আহত হয়েছেন। এর মধ্যে ভ্যানচালক জলিলের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যার আগে কেশরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত ভ্যানচালক জলিল (৬২) উপজেলার বড়িঠা গ্রামের বাসিন্দা।
দুর্ঘটনায় আহত অন্যরা হলেন—আকুবাড়ী গ্রামের মকছেদের ছেলে হাসান (৩৪), বাকশিমইল গ্রামের উজ্জলের স্ত্রী নিপা (৩৯) এবং একই গ্রামের আখতার হোসেনের স্ত্রী রহিমা (৩৬)।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে কেশরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছানোর পর বাসটির ‘ব্রেক ফেল’ করে। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি যাত্রীবাহী ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। ফলে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে মুহূর্তেই দুমড়েমুচড়ে যায় এবং ভ্যানে থাকা চালক ও যাত্রীরা সড়কে ছিটকে পড়ে আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত বাসটিকে আটক করে থানায় নিয়ে যায়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









