চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নির্বিঘ্নে উৎসব উদযাপন নিশ্চিত করতে জেলার প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি মন্দিরভিত্তিক স্বেচ্ছাসেবক দল গঠন এবং নিয়মিত পুলিশি টহলের ব্যবস্থা থাকবে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে দুর্গাপূজার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা জানানো হয়।
পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি নিজেই। এ সময় পুলিশ সুপার বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন করতে প্রতিটি পূজামণ্ডপে অবশ্যই সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে। একই সঙ্গে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে মণ্ডপ ও মন্দিরকেন্দ্রিক শক্তিশালী স্বেচ্ছাসেবক দল গঠন করা হবে। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের মোবাইল ও বিশেষ টহল জোরদার থাকবে।
মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ এন এম ওয়াসিম ফিরোজ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক শ্রী ধনঞ্জয় চ্যাটার্জী।
এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী দিলিপ রায়, নাচোল উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুধেন বর্মণ, শিবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী প্রশান্ত দাস, গোমস্তাপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন সাহা, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ পৌর কমিটির সাধারণ সম্পাদক সমিত চ্যাটার্জী এবং চাঁপাইনবাবগঞ্জ সার্বজনীন মন্দিরের সম্পাদক স্বপন ঘোষসহ বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
সভায় বক্তারা জেলায় শারদীয় দুর্গাপূজা শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উদযাপনে সকলের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে পূজামণ্ডপগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান।
আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবে চাঁপাইনবাবগঞ্জ জেলার পাঁচ উপজেলায় মোট ১৬৩টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









