মাদক, কিশোর গ্যাং, প্রেমের মোহে পালিয়ে যাওয়া এবং শিশু-কিশোর সম্পৃক্ত অপরাধ প্রতিরোধে নীলফামারীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্কুলভিত্তিক বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের বেলতলী বাজারসংলগ্ন মুশরত গোড়গ্রাম দুকুড়ী রামকলা উচ্চ বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। জেলা পুলিশের উদ্যোগে ও জেলা শিক্ষা অফিসের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. হাফিজুর রহমান। কার্যক্রমের পরিকল্পনা ও তত্ত্বাবধানে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) মো. ফারুক আহমেদ, পিপিএম-সেবা।
উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের ৫২২ জন শিক্ষার্থী, ১৫ জন শিক্ষক, ৭ জন কর্মচারী, ২৮০ জন অভিভাবক, পুলিশ সদস্য, জেলা ও উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় শিশু-কিশোরদের অপরাধপ্রবণতা থেকে দূরে রাখা, মাদক ও কিশোর গ্যাংয়ের ক্ষতিকর প্রভাব, প্রেমের মোহে পালিয়ে যাওয়ার পরিণতি, সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার, বাল্যবিবাহ, অনলাইন জুয়া, ইভটিজিং, সাইবার অপরাধ ও আত্মহত্যা প্রতিরোধসহ শিশু-কিশোর সম্পৃক্ত বিভিন্ন অপরাধ মোকাবিলায় করণীয় বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়। পরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
বক্তারা বলেন, শিশু-কিশোরদের নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে বেড়ে ওঠা নিশ্চিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ ও পুলিশের সমন্বিত ভূমিকা প্রয়োজন। মাদক ও কিশোর গ্যাংয়ের বিস্তার রোধ এবং শিশু-কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া ঠেকাতে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, নীলফামারীর ষষ্ঠ শ্রেণি থেকে তদূর্ধ্ব পর্যায়ের ৬০০টির বেশি স্কুল, কলেজ ও মাদ্রাসায় পর্যায়ক্রমে এ স্কুলভিত্তিক বিট পুলিশিং কার্যক্রম পরিচালনা করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









