কিশোরগঞ্জের কটিয়াদীতে নিয়মবহির্ভূত ওষুধ বিক্রি ও অনিয়মের দায়ে একটি ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ ও ওষুধ আইন লঙ্ঘনের অপরাধে এ অর্থদণ্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) লাবনি আক্তার তারানা এই অভিযান পরিচালনা করেন।
অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট ফার্মেসিটিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, সৌজন্য সংখ্যা বিক্রি ও এন্টিবায়োটিক বিক্রির অভিযোগ ছিল। সার্বিক যাচাই-বাছাই শেষে ফার্মেসি মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়। একই সাথে অসাধু উপায়ে ওষুধ বিক্রি না করার জন্য সতর্ক বার্তা দেওয়া হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা বলেন, ‘‘সাধারণ মানুষের স্বাস্থ্যসুরক্ষা ও নিরাপদ ওষুধ প্রাপ্তি নিশ্চিত করতে এ ধরনের অভিযান পরিচালিত হচ্ছে। ভোক্তা অধিকার পরিপন্থী যেকোনো কাজের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









