রাঙামাটির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) রাঙ্গুনিয়া উপজেলার চট্টগ্রাম-কাপ্তাই সড়কের ইকো পার্ক এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেটসহ একটি ডাম্পার ট্রাক জব্দ করেছে। এ সময় আটক করা হয়েছে দুইজনকে।
বুধবার (৭ অক্টোবর) ভোর ৪টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
অভিযানে ডাম্পার ট্রাকে তল্লাশি চালিয়ে ১৭ হাজার ৯০ প্যাকেট প্যাট্রন এবং ১ হাজার ৮০০ প্যাকেট অরিস উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধার হওয়া সিগারেটের পরিমাণ ১৮ হাজার ৮৯০ প্যাকেট, যার আনুমানিক বাজারমূল্য ৮৩ লাখ ৩ হাজার ৪০০ টাকা।
আটক তৌহিদুল রাঙ্গুনিয়ার নিশ্চিতপুর গ্রামের নাজিম উদ্দীনের ছেলে এবং ওমর সাহেদুর ইসলাম নয়ন শিলক গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।
বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া সিগারেটগুলো সীমান্তবর্তী এলাকা থেকে কাপ্তাই লেক হয়ে কাপ্তাই-চট্টগ্রাম সড়ক দিয়ে পাচার করা হচ্ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রাঙ্গুনিয়ার ইকো পার্ক এলাকায় চালানটি আটক করা হয়। উদ্ধার হওয়া সিগারেটের আনুমানিক মূল্য ৮৩ লাখ ৩ হাজার ৪০০ টাকা। অর্থাৎ একটি চালানেই বিপুল অঙ্কের অবৈধ পণ্য পরিবহনের চেষ্টা হয়েছে। ফলে এটি বিচ্ছিন্ন কোনো ছোটখাটো পাচার নাকি বড় কোনো চোরাচালান নেটওয়ার্কের অংশ; সেটিও এখন তদন্তের গুরুত্বপূর্ণ বিষয়।
কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী বলেন, ‘‘সীমান্ত সুরক্ষার পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি ও নিয়মিত আভিযানিক টহলের মাধ্যমে চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটক দুই ব্যক্তি, উদ্ধার হওয়া সিগারেট ও ডাম্পার ট্রাক আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









