স্টুডেন্ট টিকিট চাওয়াকে কেন্দ্র করে দুই কলেজছাত্রকে মারধর ও তাদের মোবাইল ফোন ভাঙচুরের অভিযোগের প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিআরটিসির দুটি বাস ভাঙচুর করেন। পরে পুলিশ ও শিক্ষকদের আশ্বাসে প্রায় দেড় ঘণ্টা পর অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের মায়ারবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীদের অভিযোগ, বুধবার সন্ধ্যায় আড়াইহাজারের সরকারি সফর আলী কলেজে পরীক্ষা শেষে সলিমউদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের দুই শিক্ষার্থী ভুলতা বিআরটিসি কাউন্টারে যান। সেখানে তারা স্টুডেন্ট টিকিট চাইলে কাউন্টারে থাকা লোকজন তা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তাদের মারধর করা হয়। একই সঙ্গে তাদের ব্যবহৃত মোবাইল ফোনও ভাঙচুর করা হয় বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।
এ ঘটনার প্রতিবাদে কলেজটির শিক্ষার্থীরা জড়ো হয়ে সড়ক অবরোধ করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে বিআরটিসির দুটি বাসের কর্মীদের উত্তেজনা সৃষ্টি হলে বাস দুটিতে ভাঙচুরের ঘটনা ঘটে।
বিক্ষুব্ধ শিক্ষার্থী রিফাত বলেন, ‘‘স্টুডেন্ট টিকিট চাওয়ার কারণে আমাদের দুই সহপাঠীকে মারধর ও মোবাইল ভাঙচুর করা হয়েছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চাই।’’
আরেক শিক্ষার্থী আমিন বলেন, ‘‘শিক্ষার্থীদের সঙ্গে এ ধরনের আচরণের প্রতিবাদেই আমরা সড়কে অবস্থান নিয়েছি। ভবিষ্যতে যেন কোনো শিক্ষার্থী এ ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’’
অবরোধের কারণে এশিয়ান হাইওয়ে সড়কে যান চলাচল ব্যাহত হয়। এতে ওই সড়কে চলাচলকারী যাত্রী ও পরিবহনগুলোকে ভোগান্তিতে পড়তে হয়।
খবর পেয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাহউদ্দিন এবং কলেজের শিক্ষকরা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
ওসি এ এইচ এম সালাহউদ্দিন বলেন, ‘‘ঘটনার বিষয়ে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা হয়েছে। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকার পরিবেশ ও সড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে।’’
পরে পুলিশ ও কলেজ শিক্ষকদের আশ্বাসে দুপুর পৌনে ২টার দিকে শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যান। এরপর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









