কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন সংলগ্ন আন্তর্জাতিক সমুদ্রসীমা এলাকায় অভিযান চালিয়ে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা ও ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ৪২ কোটি টাকা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে সেন্টমার্টিন সংলগ্ন বাংলাদেশের সমুদ্রসীমার অভ্যন্তরে এ অভিযান পরিচালনা করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিনের একটি দল বাংলাদেশ-মিয়ানমার আন্তর্জাতিক সমুদ্রসীমা (আইএমবিএল) এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হয়।
কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা মাদক পাচারকারীরা তিনটি বস্তা সমুদ্রে ফেলে দিয়ে মিয়ানমারের সমুদ্রসীমার দিকে পালিয়ে যায়। পরে কোস্ট গার্ডের সদস্যরা পানিতে ভাসমান বস্তাগুলো উদ্ধার করে তল্লাশি চালান। বস্তাগুলোর ভেতর থেকে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা ও ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন পাওয়া যায়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘‘সেন্টমার্টিন দ্বীপের সার্বিক নিরাপত্তা, মাদক ও মানব পাচারসহ চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









