ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় বিলে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে সাইফুল ইসলাম (৩০) নামের এক যুবক মারা গেছেন। নিহত সাইফুল ইসলাম উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের হাতিলেইট বুড়ার বাজার এলাকার আব্দুল মজিদের ছেলে। পেশায় তিনি একজন ভ্যানচালক ছিলেন।
ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ওই দিন ভোরে বাড়ি থেকে প্রায় চার কিলোমিটার দূরে পাশের টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার মোমিনপুর আঠারোচূড়া বিলে বড়শি দিয়ে মাছ শিকার করতে যান সাইফুল। দুপুরের দিকে হঠাৎ ঝড়োবৃষ্টি শুরু হলে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
প্রতিবেশী হাসমত আলী জানান, হতদরিদ্র সাইফুলের ভ্যান চালিয়ে সংসার চললেও মাছ ধরা ছিল তার একধরনের নেশা। তার পরিবারে চার বছরের একটি কন্যাসন্তান রয়েছে এবং তার স্ত্রী বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা। হঠাৎ এই মর্মান্তিক মৃত্যুতে পরিবারটি চরম সহায়সম্বলহীন হয়ে পড়েছে। নিহতের মরদেহ বাড়িতে নিয়ে আসার পর থেকে স্বজনদের কান্নায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এ বিষয়ে ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল ইসলাম সোহাগ বলেন, “বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে নিহতের পরিবারকে সরকারি সহায়তার দ্রুত উদ্যোগ নেওয়া হবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









