চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে উত্তম কুমার দেবনাথ (৫৩) ও অরুন কুমার পাল (৪৯) নামের দুই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে মহেশপুর ব্যাটালিয়ন ৫৮-বিজিবি।
গত বুধবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের বৃত্তিপাড়া গ্রামের একটি কাঁঠালবাগান থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তার হওয়া উত্তম কুমার দেবনাথ ঢাকার খিলক্ষেত এলাকার এবং অরুন কুমার পাল চাঁদপুর সদর উপজেলার গুয়াখোলা রোড এলাকার বাসিন্দা।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বিজিবির অধীনস্ত বেনিপুর বিওপির একটি টহলদল জানতে পারে যে, দুজন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছেন। এই তথ্যের ভিত্তিতে বৃত্তিপাড়া গ্রামের আসাদুলের কাঁঠালবাগানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের জীবননগর থানায় হস্তান্তর করা হয় এবং তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে একটি মামলা রুজু করা হয়।
মামলার বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোলায়মান জানান, বিজিবির পক্ষ থেকে সোপর্দ করা আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









