নরসিংদীর রায়পুরায় দেশ-বিদেশের প্রায় এক হাজার দৌড়বিদের অংশগ্রহণে ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) রায়পুরা উপজেলা প্রশাসন ও রায়পুরা রানার্স কমিউনিটির যৌথ আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
শুক্রবার ভোর ৩টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রায়পুরা উপজেলা পরিষদের সামনে থেকে আমিরগঞ্জ পর্যন্ত রেললাইনের পাশের সড়কে এ দৌড় প্রতিযোগিতা চলে। স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, সামাজিক সম্প্রীতি জোরদার এবং রায়পুরাকে দেশ-বিদেশে পরিচিত করে তোলার লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও বর্ণাঢ্য আয়োজনে ম্যারাথন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। তিনি বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, জুয়া ও অসামাজিক কর্মকাণ্ড নির্মূলে সুস্থ জীবনযাপন ও সুস্থ সমাজ প্রতিষ্ঠার বিকল্প নেই। এ লক্ষ্য সামনে রেখেই ম্যারাথনের মতো আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, প্রতিবছর এ ম্যারাথনে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়ছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে। ধারাবাহিকতা বজায় থাকলে রায়পুরা ম্যারাথন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত ক্রীড়া আয়োজনে পরিণত হবে। ক্রীড়ার সঙ্গে মানবিক কল্যাণকে যুক্ত করাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি মেঘনা নদীতে দেশব্যাপী অংশগ্রহণের সুযোগ রেখে নৌকাবাইচ আয়োজনের পরিকল্পনার কথাও জানান তিনি।
রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা জানান, এবারের ম্যারাথনে চারটি ক্যাটাগরি ছিল—৪২ কিলোমিটার ফুল ম্যারাথন, ২৫ কিলোমিটার রেস, ১০ কিলোমিটার রেস এবং এক কিলোমিটার ফ্যামিলি রেস। ফ্যামিলি রেসে শিশু ও পরিবারের সদস্যরা অংশ নেওয়ার সুযোগ পান।
রায়পুরা রানার্স কমিউনিটির রেস ডিরেক্টর সবুজ শিকদার বলেন, ২০২৩ সালে ৪০০ দৌড়বিদ নিয়ে রায়পুরা হাফ ম্যারাথনের যাত্রা শুরু হয়। ২০২৪ সালে অংশ নেন ৭০০ জন এবং ২০২৫ সালে অংশগ্রহণকারীর সংখ্যা ৮০০ ছাড়িয়ে যায়। এবার সেই সংখ্যা আরও বেড়েছে।
এবারের আয়োজনের চ্যারিটি পার্টনার ছিল অরফান লাভ ফাউন্ডেশন। নিবন্ধন ফি-এর একটি অংশ এতিম শিক্ষার্থীদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় ব্যয় করা হবে। এ উদ্যোগে সংহতি জানিয়ে অনেক দৌড়বিদ অতিরিক্ত ফি দিয়েও অংশ নেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ডসন গ্রুপের চেয়ারম্যান ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান জান্নাতুল হক শাপলা, রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার বাইজিদ বিন মনছুর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল, রায়পুরা থানার ওসি মো. মুজিবর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জান্নাতুন নাঈম, ওয়ার্ডসন গ্রুপের পরিচালক মোয়াজ্জেম হোসেন পাপ্পু, রায়পুরা পৌরসভার সাবেক মেয়র হাজী আব্দুল কুদ্দুছ মিয়াসহ উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল ও আয়োজক কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









