চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আম ব্যবসায়ীদের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন চারটি আম ব্যবসায়ী সংগঠনের নেতারা। একই সঙ্গে রহনপুর রেলস্টেশনসংলগ্ন কেডিসি পাড়া (শান্তিপাড়া) এলাকায় মাদক কারবার ও অসামাজিক কার্যকলাপ বন্ধ এবং অবৈধ বস্তি উচ্ছেদের দাবি জানিয়েছেন তাঁরা।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে রহনপুর রেলস্টেশন আমবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। এলাকায় মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধ এবং বস্তি উচ্ছেদের দাবিতে আন্দোলনরত চারটি আম ব্যবসায়ী সংগঠন যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আম ব্যবসায়ী উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক আতাউর রহমান বাবু। তিনি আম ব্যবসায়ীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি কেডিসি পাড়া এলাকায় মাদক কারবার ও অসামাজিক কার্যকলাপ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আসাদুল্লাহ আহমদ, তারিক আহমদ ও আশরাফুল ইসলাম, জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল, রহনপুর আম আড়তদার সমবায় সমিতির সভাপতি শামীম রেজা ও সাধারণ সম্পাদক নাসিরউদ্দীন, রহনপুর আমচাষি সমিতির সহসভাপতি মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক আবু তালেব, ব্যবসায়ী নেতা আশরাফুল ইসলাম আশরাফ, আম ব্যবসায়ী আনোয়ার হোসেন ও হাবিবুর রহমান হবি এবং আম আড়তদার বহুমুখী সমিতির সভাপতি আকবর আলী ও সাধারণ সম্পাদক আরিফ রেজাসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা।
প্রসঙ্গত, মঙ্গলবার রাতে রহনপুর বিজিবি ক্যাম্পের সামনে কেডিসি পাড়া এলাকায় আম ব্যবসায়ীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে পাঁচজন আম ব্যবসায়ী আহত হন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।
এ ঘটনার পর হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির পাশাপাশি এলাকায় মাদক কারবার এবং অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে সোচ্চার হয়েছেন আম ব্যবসায়ী সংগঠনের নেতারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









