সুনামগঞ্জের দিরাই-শাল্লায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপনের আহ্বান জানিয়েছেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী। দুর্গাপূজা চলাকালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং প্রতিটি পূজামণ্ডপে সরকারি বরাদ্দ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
শুক্রবার (৯ অক্টোবর) সুনামগঞ্জের দিরাই উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদ্যাপন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জীব সরকারের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অশুক তালুকদার।
সভায় সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী বলেন, ‘দিরাই-শাল্লা বরাবরই সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। আপনারা এই সম্প্রীতি বজায় রাখবেন।’
তিনি জানান, চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে যেতে হবে। এর আগে দুর্গাপূজার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগের সঙ্গে কথা বলবেন। পাশাপাশি কোথাও যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানাবেন।
পূজামণ্ডপে সরকারি বরাদ্দের বিষয়ে ইউএনওকে প্রতিটি মণ্ডপে এক টন করে চাল বরাদ্দ দেওয়ার নির্দেশনা দেন তিনি।
সভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক ফারুক সরদার, দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাব্বির মিয়া, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের আহ্বায়ক মনোজ পুরকায়স্থ, সদস্য সচিব স্বাধীন চৌধুরী, পৌর পূজা উদ্যাপন পরিষদের আহ্বায়ক বকুল বনিক এবং পূজা উদ্যাপন ফ্রন্টের সভাপতি হরি দেবনাথ।
সভায় উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি, মণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় নিয়ে আলোচনা হয়। উৎসবের পরিবেশ বজায় রাখা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদ্যাপন কমিটির মধ্যে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত উদ্যোগে দিরাইয়ে শারদীয় দুর্গোৎসব সম্প্রীতি, সৌহার্দ্য ও আনন্দঘন পরিবেশে উদ্যাপিত হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









