রাঙামাটি শহরে কোতোয়ালি থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী, মাদক কারবারি ও বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় এক ব্যক্তির কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) থেকে শুক্রবার (৯ অক্টোবর) পর্যন্ত ২৪ ঘণ্টায় রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পাঁচজন মাদকসেবী হিসেবে চিহ্নিত। তারা হলেন নিজাম উদ্দিন (৩১), কামরুল হোসেন (২১), মো. রাকিব হাসান (২১), মো. হোসেন আলী ফকির (২৩) ও ইমং মারমা (২৯)।
এ ছাড়া বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন প্রিয়া চাকমা (৪২), মো. শাকিল (৩৫) ও ইমাম হোসেন রাজু। তাদের মধ্যে প্রিয়া চাকমাকে সিআর পরোয়ানা, শাকিলকে জিআর পরোয়ানা এবং ইমাম হোসেন রাজুকে জিআর সাজা পরোয়ানার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, মাদক কারবারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ছয়জনকে। তারা হলেন নারায়ণ মজুমদার (৪৮), সাকিব হোসেন (২১), মো. মনিরুল ইসলাম ইমন (১৯), মো. মনিরুল ইসলাম সাজ্জাদ (২৪), মো. মিজানুর রহমান (২৪) ও মো. আলতাফ হোসেন (৩১)। তাঁদের মধ্যে আলতাফ হোসেনের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কোতোয়ালি থানা পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









