জামালপুরের বকশীগঞ্জে দ্রুতগামী একটি বাসের চাপায় উফেজা বেগম (৬৫) ও তাঁর ছেলের বউ ফরিদা বেগম (৪০) নামের দুই নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কের নিলক্ষিয়া ঠাকুরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করার পাশাপাশি এর হেলপারকে আটক করেছে পুলিশ।
নিহত উফেজা বেগম ও ফরিদা বেগম উভয়েই উপজেলার নিলক্ষিয়া ঠাকুরপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা ‘শান্তি পরিবহন’ নামের একটি বাস বকশীগঞ্জ উপজেলার ঠাকুরপাড়া হয়ে রৌমারীর দিকে যাচ্ছিল। ওই সময় শাশুড়ি উফেজা বেগম ও পুত্রবধূ ফরিদা বেগম সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। বাসটি ঠাকুরপাড়া এলাকা অতিক্রম করার সময় সকাল ৬টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে বকশীগঞ্জ থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বাসটি জব্দ করে এবং বাসের হেলপার মহিউদ্দিনকে (মহিনউদ্দিন) আটক করে। এক পরিবারের দুই সদস্যের এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, ঘাতক বাস ও হেলপারকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









