মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের. গাজা যুদ্ধের অবসান ঘোষণা করার এক বছর পেরিয়ে গেছে। তবে যুদ্ধবিরতির আওতায় দেওয়া দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতিগুলোর খুব কমই বাস্তবায়িত হয়েছে।
২০২৫ সালের ১০ অক্টোবর ঘোষিত যুদ্ধবিরতির গুরুত্বপূর্ণ শর্তগুলো এবং সেগুলোর বর্তমান অবস্থা তুলে ধরা হলো:
মুক্তি পেয়েছেন জিম্মিরা, ইসরাইলে শান্ত পরিস্থিতি: যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার তিন দিন পর হামাস ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় আটক জীবিত ২০ জিম্মিকে মুক্তি দেয়। ওই হামলা ছিল ইসরাইলের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী দিন।
জিম্মিদের মুক্তি ইসরাইলের অন্যতম প্রধান অগ্রাধিকার ছিল। তাঁদের ভাগ্য নিয়ে দেশটির জনগণ দীর্ঘদিন উদ্বেগ ও উৎকণ্ঠায় ছিলেন।
যুদ্ধবিরতির বর্ষপূর্তি গাজা সীমান্ত থেকে ইসরাইলের এক বছর রকেট হামলামুক্ত থাকারও স্মারক। এ সময়ে হামাস কোনো রকেট হামলা চালায়নি।
ইসরাইলের প্রায় অবিরাম বোমাবর্ষণে হামাসের ক্ষেপণাস্ত্রের মজুত নিঃশেষ হয়ে গেছে। একই সঙ্গে ফিলিস্তিনি ভূখণ্ডের অধিকাংশ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বা ধ্বংস হয়ে গেছে।
যুদ্ধবিরতি পর্যবেক্ষণের জন্য যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী গাজার সীমান্তের কাছে বিদেশি মিত্রদের নিয়ে একটি কমান্ড পোস্ট স্থাপন করেছে।
ইসরাইলি সেনা প্রত্যাহার নেই, হামলাও কমেনি।
ইসরাইল হামলার মাত্রা কমালেও প্রায় প্রতিদিনই গাজায় হামলা চালিয়ে যাচ্ছে।
গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় প্রায় ১ হাজার ৪৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘ এ পরিসংখ্যানকে নির্ভরযোগ্য বলে বিবেচনা করে।
নির্বাচনে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে থাকা ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ৭ অক্টোবরের হামলায় জড়িত সবাইকে হত্যার অঙ্গীকার করেছেন।
হামলার বর্ষপূর্তিতে নেতানিয়াহু বলেন, ৬ হাজার ‘হামাস দানবের’ মধ্যে চার হাজারকে হত্যা করা হয়েছে। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, গাজার ৫৩ শতাংশ এলাকায় ইসরাইলি সেনাদের অবস্থানের অনুমতি ছিল। তবে সরকারি হিসাব অনুযায়ী, এক বছর পর ইসরাইলি বাহিনী গাজার প্রায় ৭০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে।
অস্ত্রসহ রয়ে গেছে হামাস: চুক্তির দ্বিতীয় পর্যায়ে হামাসের শাসন থেকে রাজনৈতিক উত্তরণের কথা ছিল। এ লক্ষ্যে নতুন গাজা প্রশাসনের জাতীয় কমিটির (এনসিএজি) প্রধান হিসেবে কারিগরি বিশেষজ্ঞ আলী শা’থকে নিয়োগ দেওয়া হয়।
জুলাইয়ে হামাস ঘোষণা করে, তারা নিজেদের শাসন কাঠামো বিলুপ্ত করছে এবং যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট এনসিএজির কাছে গাজার প্রশাসনিক দায়িত্ব হস্তান্তর করছে। তবে বাস্তবে গাজায় নিরাপত্তার নিয়ন্ত্রণ এখনো হামাসের হাতেই রয়েছে। অন্যদিকে, শা’থও নিজেকে অনেকটা আড়ালে রেখেছেন।
জুলাইয়ে ফিলিস্তিনের ইসলামপন্থী সংগঠনটি নতুন নেতা হিসেবে খলিল আল-হাইয়াকে নির্বাচিত করে। এর কিছুদিন পর হামাস জানায়, তারা অস্ত্র ত্যাগ করবে। ট্রাম্প এ ঘোষণাকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে স্বাগত জানান।
তবে এ বিষয়ে সন্দেহ প্রকাশ করেছে ইসরাইল। নেতানিয়াহু প্রতিটি আগ্নেয়াস্ত্রসহ সব অস্ত্রের যাচাইযোগ্য নিরস্ত্রীকরণের দাবি জানিয়েছেন।
হামাস এখনো নিরস্ত্রীকরণের পদক্ষেপ নেয়নি। অন্যদিকে, ইসরাইলও সেনা প্রত্যাহার শুরু করতে অস্বীকৃতি জানিয়েছে। পুনর্গঠন নিয়ে আলোচনা, বাস্তবে অগ্রগতি নেই।
চুক্তি বাস্তবায়নের জন্য ট্রাম্প ‘বোর্ড অব পিস’ নামে একটি নতুন বৈশ্বিক সংস্থা গঠন করেন। এতে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয় যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং বুলগেরীয় কূটনীতিক নিকোলাই ম্লাদেনভকে। ম্লাদেনভ ‘গাজার উচ্চ প্রতিনিধি’ হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিদেশি সহায়তার সমালোচক ট্রাম্প জানুয়ারিতে তাঁর নিয়ন্ত্রণাধীন বোর্ডের জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ১০ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেন। উপসাগরীয় অঞ্চলের মিত্ররাও আরও অর্থ দেওয়ার অঙ্গীকার করেছে। তবে গাজার পুনর্গঠনে এসব অর্থের কোনোটি পৌঁছেছে বলে জানা যায়নি।
সেপ্টেম্বরে বোর্ডের সদস্য ও সংশ্লিষ্ট পক্ষগুলোর এক বৈঠকে গাজার পুনরুদ্ধারের জন্য ২ দশমিক ৪৫ বিলিয়ন ডলারের একটি পরিকল্পনা প্রস্তাব করা হয়। পরিকল্পনাটি ছয় মাসের বেশি সময় ধরে বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করে তৈরি করা হয়েছে। বাসস


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









