নোয়াখালীর সেনবাগে ওমান প্রবাসীর স্ত্রী জান্নাতুল নাঈম পমি (২২) নামের এক গৃহবধূ গত দেড় মাস ধরে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন। যাওয়ার সময় তিনি শ্বশুরবাড়ি থেকে চার ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ টাকা সঙ্গে নিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিখোঁজ গৃহবধূর শাশুড়ি রূপধনী বেগম বাদী হয়ে সেনবাগ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও পরিবার সূত্রে জানা যায়, চার বছর আগে সেনবাগ উপজেলার ৮ নম্বর বীজবাগ ইউনিয়নের ধর্মপুর গ্রামের শরীয়ত উল্যাহ মাস্টার বাড়ির ওমান প্রবাসী মো. বেলায়েত হোসেন রুবেলের সঙ্গে ফেনীর দাগনভূঞা উপজেলার চন্ডিপুর গ্রামের আবুল বাশারের মেয়ে জান্নাতুল নাঈম পমির বিয়ে হয়। তাঁদের রাইশা নামের তিন বছরের একটি কন্যাসন্তান রয়েছে।
গত দেড় মাস আগে পমি শ্বশুরবাড়ি থেকে নিজের বাবার বাড়িতে বেড়াতে যান। অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৮ আগস্ট সকাল ১০টার দিকে বাবার বাড়ি থেকে পমি তাঁর মা রিনুয়ারা বেগমকে সঙ্গে নিয়ে কেনাকাটার কথা বলে স্থানীয় সেবারহাট বাজারে যান। বাজারে পৌঁছানোর পর পমি শিশু কন্যা রাইশাকে মায়ের কাছে রেখে কৌশলে পালিয়ে যান। বেশ কিছুক্ষণ পর মেয়েকে দেখতে না পেয়ে তাঁর মা মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে নম্বরটি বন্ধ পান। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে বিষয়টি প্রবাসীর পরিবারকে জানানো হয়। পরে নিহতের পরিবার সেনবাগ থানায় অভিযোগ দায়ের করে।
সেনবাগ থানা পুলিশ জানায়, লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং নিখোঁজ গৃহবধূকে উদ্ধারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









