দেশে চলতি বছরের তুলনায় ২০১৯-২০ ও ২০২১ সালে ডেঙ্গুর প্রকোপ ও মৃত্যুর ঘটনা বেশি ঘটেছিল বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেছেন, ‘‘বর্তমান সরকারের সমন্বিত উদ্যোগ ও আগাম প্রস্তুতির কারণে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে রয়েছে। রোগটির সংক্রমণ বাড়ার আশঙ্কা বিবেচনায় নিয়ে আগেই তথ্য সংগ্রহ ও পর্যালোচনা করা হয়েছে। সেই অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া হয়েছে।’’
শনিবার (১০ অক্টোবর) দুপুরে রাজশাহীতে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত সমন্বিত ইপিআই, এইচপিভি টিকাদান, ই-ট্র্যাকার ও স্বাস্থ্য কর্মসূচি পর্যালোচনাবিষয়ক কর্মশালায় অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘‘গত ছয় মাসে সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও চিকিৎসাব্যবস্থার প্রতি আস্থা ফিরেছে। স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং রোগ নিয়ন্ত্রণে সরকার সমন্বিতভাবে কাজ করছে।’’
হাম ও ডেঙ্গু পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘‘রোগীদের চিকিৎসা দিতে চিকিৎসকেরা কাজ করছেন। মৃত্যুহার কমাতে দেশজুড়ে বিভিন্ন ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে। ইতোমধ্যে দেশে দুই কোটি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে। এ কার্যক্রম এখনো চলমান রয়েছে।’’
ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের প্রস্তুতির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘‘চার মাস আগে থেকেই ডেঙ্গু পরিস্থিতির তথ্য সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত তথ্য পর্যালোচনা করে সম্ভাব্য সংক্রমণ পরিস্থিতি মোকাবিলায় পরিকল্পনা নেওয়া হয়েছে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে অক্টোবর মাসে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে—এমন আশঙ্কা বিবেচনায় রেখেই আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে।’’
তিনি আরও বলেন, ‘‘কয়েকটি বিভাগের সমন্বয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। এ ক্ষেত্রে সিটি করপোরেশনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ডেঙ্গু মোকাবিলায় সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ অব্যাহত রয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









