সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কের ধোপাগুল কেওয়াছড়া এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন।
শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা পৌনে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সিলেটের শাহপরাণ দাসপাড়া এলাকার সামীর আহমেদের স্ত্রী সুমাইয়া সিদ্দীকা তানিয়া (১৮) ও তাদের ৯ মাসের সন্তান ইনাইয়া জান্নাত।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাদাপাথর পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার ছয় যাত্রী আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মা ও মেয়ের মৃত্যু হয়।
এ দুর্ঘটনায় ৪ জন আহত হয়েছে। তারা হলেন মো. শোয়েব আহমদ (১৭), মো. হুসাইন আহমদ (১৭), রহমত মিয়া (২৬) ও মোছা. তানিয়া (২৬)।
সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এদিনকে বলেন, নিহতদের লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









