ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের দড়ি হরিয়ান নগর গ্রামে এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন ঘটনা ঘটেছে। স্ত্রীকে দিয়ে পরকীয়া করিয়ে অন্য যুবকের ঘাড়ে ভরণপোষণের দায়িত্ব চাপানোর এক অভিনব নাটকের শেষ পর্যায়ে এসে উল্টো নিজেই ফেঁসে গেছেন স্বামী। পরকীয়া হাতেনাতে ধরে গ্রামবাসীর সামনে অভিযুক্ত যুবক ও স্ত্রীকে ফাঁসাতে গিয়ে ওবায়দুর রহমানের নিজের কুকীর্তিই ফাঁস হয়ে পড়েছে সবার সামনে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে ওবায়দুর রহমানের ছোট ভাই ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। এর কিছুদিন পর মোহাম্মদ হায়দার নামের এক যুবকের সঙ্গে ওবায়দুরের পরিচয় হয়। মৃত ভাইয়ের সঙ্গে অবয়ব ও চেহারার মিল থাকায় হায়দারের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলেন ওবায়দুর এবং তাকে নিজের বাড়িতে অবাধ যাতায়াতের সুযোগ দেন।
অভিযোগ রয়েছে, একপর্যায়ে পবিত্র কোরআন শরিফ ছুঁয়ে শপথ করিয়ে হায়দারের ওপর নিজের স্ত্রী রূপা খাতুনের (ছদ্মনাম) ভরণপোষণের দায়িত্ব সোপর্দ করেন ওবায়দুর। বিনিময়ে ওবায়দুরের স্ত্রীর সঙ্গে অবাধ মেলামেশার সুযোগ পেতেন হায়দার। স্ত্রীর দাবি, ওবায়দুর দীর্ঘদিন ধরেই বিভিন্ন পরপুরুষকে বাড়িতে এনে তাকে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে বাধ্য করতেন।
ঘটনায় মোড় নেয় তিন মাস আগে, যখন পারিবারিক চাপে হায়দার অন্যত্র বিয়ে করেন। কোরআন শরিফ ছুঁয়ে করা শর্ত ভঙ্গ হওয়ায় ওবায়দুর ও তার স্ত্রী চরম ক্ষুব্ধ হন। এরই ধারাবাহিকতায় গত শনিবার সকাল ১০টার দিকে হায়দার ওবায়দুরের বাড়িতে এলে পূর্বপরিকল্পনা অনুযায়ী ওবায়দুর গোপনে গ্রামবাসী ও নিজের ভাইদের খবর দেন। গ্রামবাসী এসে আপত্তিকর অবস্থায় হায়দার ও ওবায়দুরের স্ত্রীকে ধরে ফেলে এবং উঠানের একটি গাছের সঙ্গে বেঁধে মারধর শুরু করে।
তবে ব্যাপক জিজ্ঞাসাবাদ ও তোপের মুখে গ্রামবাসীর সামনে বেরিয়ে আসে আসল সত্য। স্ত্রী ও হায়দার অকপটে স্বীকার করেন যে, পুরো ঘটনার নেপথ্যে স্বামীর পূর্ণ সম্মতি ছিল এবং ওবায়দুর নিজেই এই পরিবেশ তৈরি করে দিয়েছিলেন। হায়দারকে ফাঁসাতে গিয়ে ওবায়দুরের নিজের ঘৃণ্য চক্রান্ত পুরো গ্রামের মানুষের সামনে উন্মোচিত হয়।
খবর পেয়ে স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ক্ষুব্ধ জনতার হাত থেকে অভিযুক্তদের উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। এ ঘটনায় পুরো বোয়ালমারী উপজেলা জুড়ে তীব্র চাঞ্চল্য ও সমালোচনার ঝড় উঠেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









