মেহেরপুরের গাংনী উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশ-ইন অপচেষ্টা সফলভাবে প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির জোরালো অবস্থান ও তাৎক্ষণিক বিচক্ষণতার মুখে ৬ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে পুনরায় ভারতের অভ্যন্তরে ফেরত নিয়ে গেছে বিএসএফ।
রবিবার (১১ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, রবিবার ভোর আনুমানিক পৌনে পৌনে ৫ টার দিকে ৪৭ বিজিবির অধীনস্থ রংমহল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে ৬ জন অজ্ঞাতপরিচয়ের ২ জন পুরুষ ও ৪ জন নারী বাংলাদেশে অবৈধভাবে পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ। গোপন গোয়েন্দা তথ্য এবং সীমান্তে নিয়োজিত টহল দলের সতর্ক অবস্থানের কারণে বিএসএফের এই প্রচেষ্টা দ্রুত শনাক্ত ও প্রতিহত করা সম্ভব হয়।
পরবর্তীতে বিজিবি ব্যাটালিয়ন অধিনায়কের দিকনির্দেশনায় কঠোর অবস্থান গ্রহণ করা হলে সকাল আনুমানিক ৮টার দিকে ভারতের ১১ বিএসএফ ব্যাটালিয়নের দীঘলকান্দি ক্যাম্পের সদস্যরা ওই ৬ ব্যক্তিকে ভারতের কাঁটাতারের বেড়ার অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয়।
বিজিবি জানায়, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বর্তমানে সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় বিজিবির নিয়মিত টহল জোরদার করা হয়েছে এবং সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









