রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’ ও ‘সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের’ ডাকে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। রোববার (১১ অক্টোবর) সকাল থেকে দীঘিনালা-সাজেক সড়কে এই অবরোধ শুরু হওয়ায় সাজেকে অবস্থান করা প্রায় ৯ শতাধিক পর্যটক আটকা পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে সাজেক-দীঘিনালা সড়কের গঙ্গারাম উঁচাবাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে টায়ার জ্বালিয়ে পিকেটিং করছেন অবরোধ সমর্থকরা। এর ফলে সাজেক ও বাঘাইছড়ি থেকে দীঘিনালাগামী সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
এর আগে শনিবার (১০ অক্টোবর) বিকেলে সাজেক গণঅধিকার রক্ষা কমিটির সদস্য সচিব বিজয় কান্তি চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) পরিচয়ে একটি সশস্ত্র সন্ত্রাসী দল সাজেকে ধারাবাহিক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে সাধারণ মানুষকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে। এসব সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং স্থানীয় বাসিন্দাদের জানমালের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে তারা এই কঠোর কর্মসূচি পালন করছেন।
এদিকে সাজেক সড়কের লাইনম্যান মো. ইয়াছিন আরাফাত জানান, অবরোধের আগের দিন শনিবার বিভিন্ন স্কর্টে ছোট-বড় গাড়ি ও মোটরসাইকেল মিলিয়ে ৯০টি গাড়ি সাজেকে প্রবেশ করে। যার মাধ্যমে প্রায় ৯০০-এর বেশি পর্যটক বর্তমানে সাজেকে অবস্থান করছেন।
অন্যদিকে সাজেক কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মতিজয় ত্রিপুরা জানান, পর্যটকদের নিরাপত্তা ও যাতায়াত স্বাভাবিক রাখতে অবরোধের মাঝেও দুপুরের দিকে বিশেষ স্কর্টে পর্যটকদের সাজেক ছেড়ে দীঘিনালার উদ্দেশে যাওয়ার ব্যবস্থা করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









